শাহিন ও তুলির সম্পর্কটা স্বামী-স্ত্রীর, প্রেমিক-প্রেমিকার এবং বন্ধুর। ভিন্ন দুজন মানুষের কাছে স্বাভাবিকভাবেই জীবনটা দুরকম। এই দুজন দুজনের চোখে জীবনটাকে জানতে চায়, দেখতে চায়, বুঝতে চায়। এই নিয়ে তাদের গল্প। ভালবাসার হাত ধরে জীবনকে খোঁজার গল্প…
তুলিঃ মানুষ মানুষকে খুঁজে পায় না শাহিন, জানো?
শাহিনঃ তাই নাকি?
তুলিঃ হ্যাঁ, তুমি দেখো। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সবাই সবাইকে কেমন খুঁজে পায় না, বুঝে পায় না। কাছে থেকেও কত দূরে রয়ে যায়
শাহিনঃ মানুষ মানুষকে হয়তো সেভাবে খোঁজে না, তুলি
তুলিঃ সেভাবে কোনভাবে?
শাহিনঃ মানে মানুষ হয়তো অন্য কিছু খোঁজে
তুলিঃ অন্য কিছু কীরকম?
শাহিনঃ এই যেমন ধরো প্রেম খোঁজে, ভোগ খোঁজে, সুবিধা খোঁজে। সমাজের চোখে ব্যানার টানাতে হবে, তাই রংচটে ব্যানার খোঁজে
তুলিঃ তুমি বলছ মানুষ মানুষকে খোঁজে না?
শাহিনঃ না, আমি বলতে চাচ্ছি যে বেশিরভাগ মানুষ হয়তো জানেই না সে কী খোঁজে
তুলিঃ তুমি কি আমাকে খোঁজো?
শাহিনঃ খুঁজছি তো, সেই কতকাল ধরে…
তুলিঃ পেয়েছ খুঁজে?
শাহিনঃ নাহ, খুঁজে যাচ্ছি
তুলিঃ তুমি না আমায় ভালোবাসো?
শাহিনঃ ভালবাসলেই খুঁজে পেয়ে যেতে হবে কে বলল?
তুলিঃ আমিও যেন তোমাকে খুঁজে পাই নি শাহিন। শুধু খুঁজে যাচ্ছি। একটু একটু পাচ্ছি, একটু একটু পাচ্ছি না
শাহিনঃ সেই কি ভালোবাসা নয়? খোঁজার চেষ্টা, বোঝার চেষ্টা?
তুলিঃ হুম…
শাহিনঃ তবে তোমাকে পুরোটা খুঁজে পেয়ে ফেললে মন্দ হতো না। আর কোনোদিনও ঝগড়া হতো না, আগে থেকেই বুঝে যেতাম তুমি কি চাও না চাও
তুলিঃ খুউব!! আর তোমাকে খুঁজে পেলে হুট হাট তোমার আজগুবি কাণ্ড দেখে রাগ উঠত না!
শাহিনঃ (হতাশ ভঙ্গিমায়) কী আর করার! তুমি রেগে যাও, আমি রাগিয়ে যাই
তুলিঃ হিহি! … (একটু চুপ থেকে) তুমি কি সত্যিই আমাকে খুঁজে বেড়াও শাহিন?
শাহিনঃ খুঁজে বেড়াই তো
তুলিঃ কখন খুঁজো? কীভাবে খুঁজো?
শাহিনঃ তুমি যখন অন্য কোথাও চেয়ে থাকো, তখন তোমার চোখের ভাষা পড়ার চেষ্টা করি
তুলিঃ আর কীভাবে
শাহিনঃ যখন চুপ হয়ে থাকো, তোমার মনের ভাষা শোনার চেষ্টা করি
তুলিঃ আর?
শাহিনঃ আর এত বলা যাবে না তুলি।
তুলিঃ ভালো লাগে যে শুনতে
শাহিনঃ এত বেশি ভালো শুনতে হয় না,
তুলিঃ আমি তোমাকে কখন খুঁজি শুনবে?
শাহিনঃ কখন?
তুলিঃ তোমার ঘুম থেকে ওঠার প্রথম প্রহরটায়। তুমি আধঘুমে থাকো। আধঘুমে সিলিং এর দিকে তাকিয়ে থাকো নাহয় জানালা বেয়ে আসা আলোর দিকে। চুপচাপ চেয়ে থাকো। কিছু বলো না। খুব যে কিছু ভাবো, তেমনও না। সেই সময়টায় তোমাকে আমি খুঁজি
শাহিন চুপ করে শোনে। চেষ্টা করে মনের আনন্দটাকে প্রকাশ না করতে। মনে মনে খুব ইচ্ছা করে প্রকৃতির কাছে তার একটা বিশেষ ইচ্ছা জমা দিতে, যে ইচ্ছাটা হবে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। সে ইচ্ছা হবে, এই জীবন ও জীবনের ওপারে, রোজ রোজ তার ঘুম যেন তুলির পাশে ভাঙে…
বাকি পর্বগুলো –
তোমার কাছে ফেরা || শাহিন-তুলি – লিঙ্ক
পর্বঃ ৬ || শাহিন-তুলি – লিঙ্ক
বন্ধুর হাত ।| শাহিন-তুলি – লিঙ্ক
হারানো… || শাহিন-তুলি| – লিঙ্ক
ভয়গুলো, ভুলগুলো || শাহিন-তুলি, – লিঙ্ক
পর্ব-৯ || শাহিন-তুলি – লিঙ্ক
