শাহিন ও তুলির সম্পর্কটা স্বামী-স্ত্রীর, প্রেমিক-প্রেমিকার এবং বন্ধুর। ভিন্ন দুজন মানুষের কাছে স্বাভাবিকভাবেই জীবনটা দুরকম। এই দুজন দুজনের চোখে জীবনটাকে জানতে চায়, দেখতে চায়, বুঝতে চায়। এই নিয়ে তাদের গল্প। ভালবাসার হাত ধরে জীবনকে খোঁজার গল্প…
তুলিঃ শাহিন, ভালবাসা ছাড়া কি বাঁচা যায়?
শাহিনঃ বাঁচা যায়
তুলিঃ সম্মান ছাড়া?
শাহিনঃ যায় তবে বাঁচা উচিৎ না
তুলিঃ কত মানুষ তো বাঁচে …
শাহিনঃ বাঁচে কারণ সে জানে না তার সম্মান নেই
তুলিঃ জানলে কি মরে যেত?
শাহিনঃ নাহ, জানলে সম্মানের পেছনে ছুটত
তুলিঃ মানুষ কি তাহলে মানুষকে সম্মান করে না?
শাহিনঃ এটা মানুষকে করার ব্যাপার নয় তুলি। নিজেকে করার ব্যাপার।
তুলিঃ মানে?
শাহিনঃ মানে একটা মানুষ যখন নিজেকে সম্মান করতে পারে, সে আরেকজনকেও সম্মান করতে পারে
তুলিঃ কিন্তু আমি তো দেখেছি যে মানুষ কাউকে সম্মান করে, কাউকে করে না। যেমন, অফিসের বসকে সম্মান করে, কিন্তু পিয়ন বা গার্ডকে করে না।
শাহিনঃ এটা সম্মান না, এটা লোভ, এবং অভিনয়। লোভীরা বেছে বেছে সম্মান দেখায় – পুরোটাই অভিনয়।
তুলিঃ আমার না একটা ব্যাপার ইদানীং খুব মনে হচ্ছে শাহিন…
শাহিনঃ কি মনে হচ্ছে?
তুলিঃ স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে এত প্রতারণা, এত ঠকানো – এই সব ভালবাসার অভাবে নয়, সম্মানের অভাবে হয়
শাহিনঃ হ্যাঁ…
তুলিঃ এখন তোমার কথা শুনে মনে হচ্ছে এখানে পারস্পরিক সম্মানের অভাব না, নিজেকে সম্মান করতে পারার অভাব
শাহিনঃ তাই তো…
তুলিঃ নিজেকে সম্মান করতে পারলে কেউ কি নিজের সঙ্গীকে ঠকাতে পারে? নিজেকে এত নীচে নামাতে পারে?
শাহিনঃ না… আমিও এমন একটা কথা শুনেছিলাম
তুলিঃ কি শুনেছিলে?
শাহিনঃ যে মানুষের সত্ত্বা এমন যে সে যখন আরেকজনকে ঠকায়, তখন সে আসলে নিজেকেই ঠকাতে থাকে
তুলিঃ হ্যাঁ…
শাহিনঃ তার মানে সে যখন আরেকজনকে অসম্মান করে তার কারণ সে নিজেকে অসম্মান করে অভ্যস্ত…
তুলিঃ হ্যাঁ!
শাহিনঃ বাহ, সবকিছু গণিতের ইক্যুয়েশনের মতো। লেফট হ্যান্ড সাইড ইজ ইক্যুয়েল টু রাইট হ্যান্ড সাইড
তুলিঃ হাহা…
(একটু ইতস্তত করে)
আচ্ছা শাহিন, আমাদের মধ্যে কি ভালবাসা নাকি সম্মান… আমার মাঝে মাঝে প্রশ্ন হয়
শাহিনঃ ভালবাসা তো অনেক বিশাল ব্যাপার তুলি, ভালবাসায় কোনো সবার্থ থাকে না। আমার তো এখনো সবার্থ আছে। আমি তো তোমাকে সবার্থপরের মতো দখল করতে চাই
তুলিঃ এটা কি ভালবাসা না?
শাহিনঃ হয়তো ভালবাসা, তবে প্রেম যে এটা নিশ্চিত। এখানে মহত্বের চেয়ে আবেগ বেশি
তুলিঃ থাকুক আবেগ। আমার আবেগ ভালো লাগে।
শাহিনঃ বাঁধভাঙা আবেগ?
তুলিঃ তুফানের মতো আবেগ!!
শাহিনঃ আবেগের কিন্তু আবার পজিটিভ নেগেটিভ আছে। যত ভালো আবেগ, তত কালো বেগ।
তুলিঃ থাকুক। দুটোই গ্রহন করব।
শাহিনঃ তাহলে তো তুমি ভালবাসতে পারো তুলি
তুলিঃ হয়তো …।
বাকি পর্বগুলো –
তোমার কাছে ফেরা || শাহিন-তুলি – লিঙ্ক
পর্বঃ ৬ || শাহিন-তুলি – লিঙ্ক
বন্ধুর হাত ।| শাহিন-তুলি – লিঙ্ক
হারানো… || শাহিন-তুলি| – লিঙ্ক
ভয়গুলো, ভুলগুলো || শাহিন-তুলি, – লিঙ্ক
পর্ব-৯ || শাহিন-তুলি – লিঙ্ক
.

Nice!
Nice. Proper bond should be like the expression in the write-up.