মানুষ জানে, মানুষ মানে না

কে যেন বলল? মানুষ কী চায় মানুষ তা জানে না 
আমি কী বলেছিলাম? 
আমি বলেছিলাম যে, মানুষ যা চায় মানুষ তা জানে, কিন্তু মানে না 

যেমন আমি কী চাই আমি জানি 
তোমাকে চাই বললে খুশি হতে 
কিন্তু এই এক জীবনে আরও অনেক কিছুই চাই আমি 
প্রথমত আমি চাই আমাকে, আমার জীবনকে, 
এরপর আমার শহরকে, 
শহরের মিথ্যে বলা দৃপ্ত কন্ঠের সাইনবোর্ডদেরকে
সাইনবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাওয়া 
পথহারা শহরবাসীকে 
শহরবাসীদের মাথার ওপর
পথ খুঁজে পাওয়া পাখিদেরকে
চাই সত্য বলা কোণঠাসা শহুরে বৃক্ষের 
অটুট সবুজ প্রাণকে 
তাদের ঘিরে নিরর্থক বৈদ্যুতিক ভিড়কে 
ব্যস্ত শূন্য ভীত কোলাহলদেরকে 
নীরব সাহসী শূন্যতাকে 
চাই রোদ্দুরকে 
৮০র দশকের মুদ্রিত কবিতার পৃষ্ঠাগুলোকে 
অতীতকে, ইতিহাসকে, 
ভবিষ্যৎ প্রজন্মকে 
চাই যা কিছু সম্ভব এই পৃথিবীর বুকে 
এবং অসম্ভবকেও 


চাই তোমাকে
চাই মৃত্যুকে 
চাই ঈশ্বরকে 

তুমি তারপর বলেছিলে, না, 
মানার প্রশ্ন এখানে আসছে না 
আমি বলেছিলাম, আসছে 
পৃথিবী জুড়ে সমস্ত মানুষ 
এই সবকিছুর আকাঙ্ক্ষা করে 
কেবল সাহস করতে পারে না 
নিজ সত্ত্বাকে জীবন সমীকরণের 
এক্স ওয়াই জেড চলক ধরে নেয়
আবিষ্কার করতে পারে না 

আমার অনাবিষ্কৃত সত্ত্বার সাথে তোমার অনাবিষ্কৃত সত্ত্বার ভাগফলটা‌ বড়ো করুণ  
কারণ আর সবার মতন আমরাও- জেনেও জানতে পারছি না, মেনেও মানতে পারছি না 
চাইতে হবে বুঝতে পেরেও কিছুই চাইতে পারছি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *