স্বপ্নের ভার

রণজিৎ স্বপ্ন দেখার সময় পায় না। কিন্তু তার স্বপ্ন দেখতে ইচ্ছা করে। তার স্বপ্ন দেখতে ভালো লাগে।

৯টা ৬টা চাকরি, এরপর এমবিএ ক্লাস, এরপর দু এক ঘণ্টা বন্ধুদের সাথে আড্ডা – এসব করতে করতে দিনের বা রাতের একটা অংশও রণজিৎ পায় না যখন সে কোনো স্বপ্ন দেখতে পারে। তার রাতের ঘুমগুলো হয়ে এতো ঘন এত গভীর, সেখানে কোনো অবচেতন স্বপ্ন আসবার সুযোগ পায় না।

অথচ রণজিৎ-এর বুকে ছোট ছোট অনেকগুলো স্বপ্ন। সেই স্বপ্নগুলোর কথা ভাবলেও তার ভালো লাগে, মনের মধ্যে কেমন এক শিহরণ জাগে।

তাই রণজিৎ জেগে জেগে স্বপ্ন দেখে – কখনো বাসের সিটে বসে, কখনো রিক্সায় বা সিএনজিতে, অফিস যাবার পথে বা ক্লাস থেকে ফেরার সময়ে।

বিশেষত রিক্সায় বসে স্বপ্নগুলো দেখতে কেন যেন বেশি ভালো লাগে। রিক্সায় বেলের টুংটাং, চালকের নিজস্ব গতি নিজস্ব ছন্দ, মাথার উপরে শহরের পুরো আকাশটা – এইসব মিলিয়ে তার স্বপ্ন দেখার মুড বেশ জমে উঠে।

রণজিৎ দেখে তার প্রেয়সীকে যাকে সে কোনোদিন দেখেনি। একটি মেয়ে, একটি নারী, যে তাকে তার উষ্ণতায় আগলে রাখবে। পৃথিবীকে যখন খুব কঠিন মনে হবে, সে প্রতিদিন ঘরে ফিরে সেই নারীর উষ্ণ বাহুডোরে আশ্রয় নিবে। অমনি সারা পৃথিবী নিভে যাবে। জেগে থাকবে শুধু সে আর তার প্রেয়সী।

হয়তো সে মেয়েটি তাকে খুব কাছ থেকে ছোঁবে, এমনভাবে ছোঁবে যেভাবে কেউ তাকে কোনোদিন ছুঁয়ে দেখে নি।

সে মেয়েটির সাথে কথা বলবে – এমন কথা বলবে যা সে নিজেকে ছাড়া আর কাউকে বলতে পারে না। নিজেকেও তাই বলা হয় না, বলতে ভালো লাগে না। কিন্তু তাকে সে বলবে। সে শুনবে। তার বড় বড় হরিণের মতো চোখ দুটো মেলে সে শুনবে। পলক ফেলবে না। তার চাহনি দেখে রণজিৎ-এর হাসি পাবে। রণজিৎ তখন তাকে আদর করে দেবে।

এরপর রণজিৎ-এর মনে হয় প্রমশোনের কথা। তার এই মুহুর্তে একটা প্রমোশন প্রয়োজন। এবং আগামী দু বছরে এখন যা বেতন আছে তা ডাবল করা প্রয়োজন,  যে করেই হোক।  

সে ভেবেছিল ব্যবসা শুরু করবে, সাইড বিজনেস, বন্ধুদের সাথে। কিন্তু সময়ে কূলিয়ে উঠা বা মনোযোগ দেয়া – কোনোটাই সম্ভব না। এ ছাড়া ব্যবসা তাকে সেভাবে টানেও না। সে সময় পেলে বরং গিটারটা নিয়ে টুংটাং করে গাইতে পছন্দ করে। যদিও হয়তো এক হিসেবে সেটা  হয়তো সময় নষ্ট। কারণ এ থেকে কোনো টাকা আসে না। এই সময়ে তার টাকা উপার্জন করা প্রয়োজন।

ঢাকা শহরে একটা ফ্ল্যাট বুকিং দিতে হবে, অন্তত আগামী ৫ বছরের মধ্যে। এবং সাথে একটা গাড়ি কেনার ব্যবস্থা করতে হবে। নাহলে এই শহরে মাথা উঁচু করে টিকে থাকা সম্ভব না।

এমনিতে দেশের বাইরে যাবার কথা সে ভেবেছিল কয়েকবার। কিন্তু সব মিলিয়ে হয়ে উঠে নি। আরেক দেশে নতুন কালচারে শূন্য থেকে শুরু করার চেয়ে দেশে থেকেই কিছু থেকে অন্তত শুরু করা ভালো। এই ভাবনা থেকেই সে রয়ে গেছে শেষ পর্যন্ত।

রণজিৎ গাড়িটা কিনে প্রথমত তার বাবাকে দিতে চায়। এই বুড়ো বয়সে তিনি বাসে চড়েন। রণজিৎ তাকে সিএনজি ভাড়া দিয়ে দেয়, কিন্তু তিনি নেন না, অথবা নিলেও খরচ করেন না। তখন রণজিৎ-এর ভেতর কেমন অশান্তি শুরু হয়। নিজেকে খুব ব্যর্থ মনে হয়। 

কিন্তু সে যখন স্বপ্ন দেখে, যে শুধু একটা ফ্ল্যাট নয়, একটা ডুপ্লেক্স বাড়ি আর একটা পাজেরো সে কিনবে, কিনে সে প্রথম বাবা-মার হাতে চাবি তুলে দেবে, তখন সে অশান্তিটুকু সাথে সাথে কেটে যায়।

রণজিৎ রোজ রোজ একই স্বপ্ন ঘুরেফিরে দেখে। তার কানের হেডফোনে একই গান ঘুরে ফিরে বাজে। সে একই সময়ে একই গলির যানজটে বসে থাকে। মাথার উপর একই আকাশটা ঘুরতে থাকে।

বদল হয়ে শুধু রিক্সাওয়ালারা। এক একদিন এক একজন তার রিক্সা টানে। এক একজন এক এক জেলা থেকে আসে। এক এক উদ্দেশ্যে রণজিৎ শহরে তারা পাড়ি জমায়।  

তাদের মধ্যে কেউ কেউ থাকে সিজনাল রিক্সাওয়ালা। অর্থাৎ অন্য কোনো কাজ পাচ্ছে না বলে রিক্সা চালাচ্ছে। অন্য কাজ পেয়ে গেলেই আর চালাবে না। কেউ কেউ থাকে ফুলটাইম রিকশাওয়ালা। রিকশাই তাদের একমাত্র পেশা।

তারা রণজিৎকে নিয়ে রিক্সা চালানোর সময় কখনো কখনো স্বপ্ন দেখে, কখনো দেখে না। তাদের মধ্যে একজনের ঘরে ছোট্ট একটি মেয়ে আছে, পাঁচ বছরের। সে খুব গর্ব নিয়ে বলে, আমার বাবা রিক্সা চালায়। তখন তার চোখে বিন্দু বিন্দু পানি জমা হয়। রিক্সাটাকে পবিত্র মনে হয়।

তাদের মধ্যে কারো স্বপ্নে থাকে বাড়িতে রেখে আসা বউ, ঘর সংসার। কারো স্বপ্ন থাকে না ফেরার।

আর অনেকেরই স্বপ্ন থাকে না। কারো লক্ষ্য থাকে রোজ দু-এক প্লেট ভাত। মাসে শেষে রুম ভাড়া। বা বাড়ি ফেরার বাস ভাড়া।

তারা যখন রণজিৎকে তাদের রিক্সায় উঠায়, তারা রণজিৎ- এর স্বপ্নগুলো আঁচ পায়। তারা বুঝতে পারে এক সোনার চামচ মুখে জন্ম শিক্ষিত তরুণ স্বপ্ন দেখছে আরও বড় সোনার চামচের।

তার গন্ধ পায় রণজিৎ অনেক লোভনীয় কিছু খোঁজে। সে প্রেম খোঁজে, বিত্ত খোঁজে, তার পরিবারের সমৃদ্ধি খোঁজে। তারা টের পায় রণজিৎ যেখানে আছে, এখান থেকে সে শুধু উপরের দিকে যাবে। উপরের দিকেই তার যাত্রা।

সে শুধু উপরে উঠতে থাকবে এবং উঠতেই থাকবে। তার জীবনের সবকিছু উপরের দিকে ধাবমান।

তারা অনুভব করে তাদের রিক্সায় রণজিৎ-এর স্বপ্নদের ভার। অনেকদূর, দূর দেশের সে স্বপ্নগুলো, তাদের ধরাছোঁয়ার বাইরে। তাদের পরবর্তী প্রজন্মরাও হয়তো সেই দূরত্ব অতিক্রম করতে পারবে না।

তারা যখন রণজিৎ-এর কাছ থেকে ভাড়া নেয়, তার মানিব্যাগ খেয়াল করে। অমন আহামরি কিছু নেই সে মানিব্যাগে। কিছু ভাঙটি টাকার নোট আর গোটা কয়টা একশ টাকা। অথচ কত বিশাল ব্যবধান রণজিৎ-এর সাথে তাদের।

তারা রণজিৎকে তার বাসায় পৌঁছে দেয়। এক পা পেডেলে রেখে, আরেক পা শুন্যে ভাসিয়ে, তারা মনে মনে চেয়ে চেয়ে দেখে, রণজিৎ এখন বাসায় ঢুকবে, উঁচু দালানের দোতলা তিনতলা বা পাঁচতলাতে। তাকে তার মা অথবা বউ নানান রকমের খাবার বেড়ে খাওয়াবে। খাওয়ার পর ফল মিষ্টি সামনে এনে রাখবে। এরপর সে শুয়ে ঘুম যাবে। তার ঘরে থাকবে এসির ঠাণ্ডা বাতাস, তার শোবার ঘরে একটা বিশাল আরামের তুলতুলে নরম বিছানা এবং পুরোটা রুম ফাঁকা।

সে আয়েশ করে করে ঘুমাবে এবং ঘুমাতে ঘুমাতে উপরের দিকে উঠতে থাকবে।

তাদের মনে হয়, রণজিৎ বোধয় কোনোদিন মরবে না। সে শুধু উপরের দিকে উঠতেই থাকবে আর উঠতেই থাকবে। কোনো অভাব দুঃখ কষ্ট তাকে ছোঁবে না।

মনে হয়, সে হয়তো শুধু সোনার চামচ মুখে জন্মেছে এমনটা নয়। সে আসলে জাদুর চামচ মুখে দিয়ে জন্মেছে। সেই জাদুর চামচ কোনোদিন তার মৃত্যু হতে দেবে না।   

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *