“আমি অনেক খারাপ হতে পারি”
“তাই”
“অনেক ব্যর্থ হতে পারি”
“তাই”
“অনেক ভুল হতে পারি”
“তাই”
“অনেক অসহনীয় হয়ে উঠতে পারি”
“হুম”
“অনেক কষ্ট দিতে পারি”
“হুম”
“অনেক ভেঙে পড়তে পারি”
“হুম”
“আমি খেঁকশিয়ালের মতো স্বার্থের জন্যে চতুর হয়ে যেতে পারি”
“আচ্ছা”
“বাঘের মত হিংস্র হয়ে উঠতে পারি”
“আচ্ছা”
“আমার দানবীয় রূপের প্রকাশ পেলে তুমি দৌড়ে পালাবে”
“ঠিক আছে”
“তবু তুমি থাকবে?”
“থাকব”
“কেন থাকবে?”
“কারণ আমার চোখ তোমার কথার উপর নেই যে”
“চোখ কোথায় আছে?”
“আছে ভালোর উপর। তোমার ভালোটা আমি খুঁজে নিতে পারি”
“সে তোমার বিভ্রম”
“বিভ্রম নয়। খারাপটা যেমন সত্য, ভালোটাও সত্য। তোমার ভালোটাকে তুমি দেখ না, আমি দেখতে পাই। তুমি মানো না, আমি মানতে পারি। তুমি গ্রহণ করো না, আমি করতে পারি।”
“ঠিক আছে, আমার একটা, শুধু একটা ভালো বের করে দেখাও?”
“আমিও মানুষ। আমিও খারাপ হই, ভুল হই, ব্যর্থ হই, অসহনীয় হয়ে পড়ি, কষ্ট দিতে পারি, ভেঙে পড়তে পারি, খেঁকশিয়াল হতে পারি, বাঘ হতে পারি, দানব হতে পারি। তুমি আমার ভালোটা বেশি দেখো।
সবাই নিজের ভালোটা দেখে, অন্যের খারাপটা। তুমি করছ উল্টোটা। কারণ তুমি আমাকে ভালোবাসো। আমার ভালোটাকেই তুমি খুঁজে খুঁজে নিয়েছ। তাই তোমার ভালোটাও আমি খুঁজে নিতে চাই।”
“এসব এত সহজ নয়, তুলি”
“কিছুই সহজ নয়, শাহিন”
“তবে কি আমরা এই নিয়তিকেই মেনে নিব? ধ্বংসাত্মক পরিণতির দিকে এগিয়ে যাব প্রতিনিয়ত?”
“সেটা আমাদের উপরই নির্ভর করে, শাহিন। তুমি যেদিন আমার খারাপটা শুধু দেখবে, আমি যেদিন তোমার খারাপটা শুধু দেখব, আমরা ধ্বংস হবো”
“খারাপ থাকলে কি চোখে পড়বে না?”
“পড়বে। তবু ধৈর্য রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে। কষ্ট হবে, তবু আমার ভালোটাকে তোমার বের করে আনতে হবে, তোমার ভালোটাকে আমার বের করে আনতে হবে।”
“এমন হলে তো পৃথিবী স্বর্গ হয়ে যেত! সবাই তো সুখী হয়ে যেত একেবারে! সবার সাথে!”
“হতো, কিন্তু হয় না। এটা করা খুব কঠিন কাজ।”
“তোমার কেন মনে হয় আমরা পারব?”
“আমার কিছু মনে হয় না। আমি জানি না আমরা পারব কিনা। তবে আমি পারতে চাই। এটা আমার নিয়তি নয়, এটা সিদ্ধান্ত।”
“আমি কি পারব?”
“সেটাও তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, শাহিন।”
“ভালবাসা কি তবে সিদ্ধান্তের ব্যাপার?”
“অবশ্যই। প্রথমে প্রেম-আবেগের জোয়ার বয়ে গেলেও, শেষ পর্যন্ত সিদ্ধান্তের উপরই সব নির্ভর করে “
“আমার ভয় হয় বড়, তুলি। আসলেই ভয় হয়। মনে হয় কোনো পাহাড়ের চূরা থেকে লাফিয়ে পড়ছি। কোথায় গিয়ে ঠেকবো জানি না। কোনো তলা নেই, মাটি নেই, কিছু দেখতে পাচ্ছি না, সব অনিশ্চিত।”
“ভয় আমারও হয়।”
“তবু তুমি সাহসকে বেছে নেয়ার সিদ্ধান্ত নাও, তাই না…?”
“হ্যাঁ। এবং তোমাকে।”
বাকি পর্বগুলো –
তোমার কাছে ফেরা || শাহিন-তুলি – লিঙ্ক
পর্বঃ ৬ || শাহিন-তুলি – লিঙ্ক
বন্ধুর হাত ।| শাহিন-তুলি – লিঙ্ক
হারানো… || শাহিন-তুলি| – লিঙ্ক
ভয়গুলো, ভুলগুলো || শাহিন-তুলি, – লিঙ্ক
পর্ব-৯ || শাহিন-তুলি – লিঙ্ক
