আমার হাত ধরা মানুষ দেখতে বড়ো ভালো লাগে, বড়ো অদ্ভুত লাগে। কারণ সবাই হাত ধরতে পারে না। যারা ধরে তারা একইভাবে ধরে না। যদিও দূর থেকে দেখে মনে হতে পারে যে সবাই হাত ধরে থাকে ঠিক একইভাবে। একটু খেয়াল করলেই দেখা যায় যে তা নয়। একেক জনের হাত ধরা একেক রকম অনুভূতি বিকিরণ করে। কারো হাত ধরা হয় আশ্রয়ের, কারো মমতার, কারো নিরাপত্তাবোধের। কারোটা লোক দেখানো, কারোটা স্রেফ যৌন অনুভূতির প্রকাশ। কারোটা বাঁচা মরার।
আবার এরকমও দেখা যায়, যে যাদের দেখে মনে হয় তারা হাত ধরে হাঁটবে বসে থাকবে, তারা আর সব করলেও হাত ধরে না। কিন্তু যাদের মনে হয়, হয়তো সেভাবে তাদের হাত ধরা হয় না, তারা ধরে আছে হাত। আশেপাশে তাকিয়ে একটু যাচাই করে নিবেন, আমি যা বলছি তা সত্যি কিনা।
যেমন আজ ৩১শে মে। ২০২৩। সকালে অফিসে যাবার পথে হঠাৎ আমি দেখতে পাই দুজন হাত ধরে ছুটে চলা মানুষকে। নব দম্পতি হতে পারেন বা নাও পারেন। মেয়েটি সম্ভবত কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছিল। বা কোনো পরীক্ষা। তার সাজসজ্জার প্রস্তুতি, চেহারায় উদ্বেগ উৎকণ্ঠার ছাপ দেখে তাই মনে হলো। মাথায় বেশ বড় করে কাপড় দেয়া ছিল, বড় ওড়না পেঁচানো। তিনি তার ভয় উদ্বেগ উৎকণ্ঠার হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছিলেন তার স্বামীর হাতটিকে। তার স্বামীকে সেভাবে লক্ষ্য করা হয় নি। আমি শুধু তার হাতে একটা চকচকে ঘড়ি দেখলাম। তিনিও বেশ শক্ত করে ধরে রেখেছেন তার স্ত্রীর হাত। দুজনকে দেখে কখনোই মনে হবে না যে তারা পাবলিক প্লেসে হাত ধরে হাঁটা মানুষ। আমাদের সমাজের প্রেক্ষাপটে রাজপথের ভিড়ে হাত ধরে চলাটা সচরাচর দেখা যায় না। কিন্তু তারা, দূর থেকে মনে হয় এক সরল সাধারণ দম্পতি, বেশ শক্ত করে একে অপরের হাত ধরে এই গ্রীষ্মের প্রখর রোদে রাজধানীর পিচঢালা পথ ধরে হাঁটছেন তো হাঁটছেন। কোথায় যেন ছুটছেন। খুব জোরে জোরে ছুটছেন। বড় কিছু মোকাবেলা করার মানসিক প্রস্তুতি নিয়ে ছুটছেন। এবং হাত ধরে ছুটছেন। একে অপরকে সাহস দিতে চাইছেন, মমতা দিতে চাইছেন। যার যেটুকু সামর্থ্য তাই দিয়ে শক্তি যোগাতে চাইছেন, আর তা অবলীলায় বলে যাচ্ছেন খুব জোরে জোরে, স্পর্শের মাধ্যমে। তাদের চোখ সামনের দিকে, মন ভবিষ্যতের দিকে। কিন্তু অস্তিত্ব বর্তমানে। একে অপরের হাতে, একে অপরের সাথে। যা কিছুই সামনে হবে, যেরকমই হবে, তারা একসাথে আছেন, এক হয়ে আছেন। এবং থাকবেন। হাত ধরে।
হাত ধরা নিয়ে খুব বেশি গল্প বানিয়ে ফেললাম? হাহা। মানুষের হাত ধরা দেখার অভ্যাস আমার বহু বছরের। সামনে আরও কিছু হাত ধরা দেখার গল্প বলব। সব গল্প এত সুন্দর হয় না। কিছু কুৎসিত হয়। কিছু অর্থহীন হয়। হয়তো তখন বোঝাতে পারব, আজ কেন সাধারণ দম্পতির হাত ধরার মাঝে অসাধারণ কিছু আবিষ্কার করলাম।
