ছন্নছাড়া কবিতা

আমার লেখা কিছু ছোট ছোট কবিতা আছে। বিভিন্ন সময়ে লেখা। আগে ইন্সটাগ্রামে বকুলফুল ছদ্মনামে প্রকাশ হতো, কিন্তু সোশ্যাল মিডিয়ার কোলাহল আর ভালো লাগছে না। তাই সরে গেলাম। তো ছোট ছোট কবিতাগুলো এখানে কিছু দেয়া থাকল। সময়ের সাথে যোগ হতে থাকবে, হয়তো।

কখনো মানুষ হারাতে চায় এই ভেবে
হারালে তাকে যেন খুঁজতে আসে কেউ 
কখনো মানুষ হারাতে চায় এই ভেবে
কোনোদিন কেউ তাকে যেন
খুঁজে না পায় আর 

যদি তুমি
কষ্ট দিয়ে কষ্ট পাও 
তবে জেনো,
আমি ভালোবাসা দিয়ে ভালোবাসা পাই রোজ
যদি তুমি
আমার কথা ভেবে ভেবে দুকূল হারাও
তবে জেনো
তোমার বুকের ভেতর আমি আমার পাই খোঁজ

তোমার আমাকে কিছু বলা বাকি 
আমার কিছু লেখা বাকি তোমাকে 

বলেও তোমার হয় না বলা 
তেমনি আমার, 
লিখেও হয় না লেখা 

প্রকাশ্য ভালোবাসা থাকুক অপ্রকাশ্য 
ঝকঝকে দিবালোকে 

কোথায় তুমি কোথায় আমি 
অনেক দূরে? 

অনেক দূরে, দূর আকাশে,
দূর সবুজে দূর্বাঘাসে 
তোমার চোখের স্বপ্ন বেয়ে
ঘুমের ঘোরে নামি 

পৃথিবী কি খুব কঠিন, কঠিন মানুষের জন্যে? 
পৃথিবী কি খুব সহজ, সহজ মানুষের জন্য? 
পৃথিবী কি খুব নির্মম, যার ভেতর আশা জ্বেলে নেই আর, 
তার জন্যে? 
পৃথিবী কি খুব মায়াময়?
আমিত্বের প্রাচীর ভেঙে 
এই প্রথম কাউকে যে বাসতে পেরেছে, তার জন্যে? 

ভালোবাসা কী, আমরা জানি না 
তবু ভালোবেসে যাই 
অভিমান কী, আমরা মানি না 
তবু অভিমান জমে,
অভিমানে আবদারে 
বারবার, আরো বেশি, ভালোবাসা চাই 

অতীত বলে, আমার কাছে আসো, ফিরে আসো। 
ভবিষ্যৎ বলে, বল কোথায় যেতে চাও তুমি, চলে যাও। 
বর্তমান বলে, অতীত এবং ভবিষ্যৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তুমি এইখানে। 
অথচ আমি দাঁড়িয়ে মুহূর্তের মহাকালে….।

তোমাকে আমি পড়েছি বহুবার 
বহুবার আমি পড়েছি তোমাকে 
প্রতিবার পড়ার পর 
নতুন করে
হাহাকার জেগেছে বুকে 
ছিলে তো সেদিনও পাশে, 
এতবার পড়েও কেন 
একটুও হয় নি পড়া, এতদিন ধরে তোমাকে

সবকিছুর সাথে সবকিছু মিলিয়ে ফেলতে পারো, 
অনেক কিছুরই মিল খুঁজে পাবে। 
সবকিছুর সাথে সবকিছু মিলিয়ে ফেলতে পারো না, 
অনেক কিছুরই মিল ভুল হবে। 

বেশ তো তবে জিততে পারো
হার-জিতেরই ঘরে
বরং বলো কত হারতে পারো
জিততে শেখার পরে

খুঁজছ তুমি আমায়
খুঁজছি আমি তোমায়
নিখোঁজ হই নি কেউই
তবু খোঁজ কে জানে কোথায়

তুমি ভুল খুঁজে যাও
তাই ভুল খুঁজে পাও?
যেদিন ভালোবাসা খুঁজবে 
সেদিন ভালোবাসা পাবে? 

ভালো থাকুক বিশ্ব 
ভালো থাকুক পৃথিবী
ভালো থাকুক তুমি আমি 
আমাদের সবই 

সব যায় ভেসে যায় মহাশূন্যে!