পৃথিবী অনেক বড়

পৃথিবী অনেক বড়, অনেক বড়
অসীম আকাশের চেয়ে বড়, সসীম সাগরের চেয়ে বড়
তোমার মনের আকাশছোঁয়া সুউচ্চ পর্বতমালার চেয়ে বড়
আমার মনের দীর্ঘ সুনসান নীরবতার চেয়ে বড়
আমাদের এলোমেলো স্বপ্নদের বিরতিহীন যাত্রার চেয়ে বড়
আমাদের দীর্ঘদিনের জমাটবাধা ক্লান্ত গভীর ঘুমের চেয়ে বড়
পৃথিবী আমাদের দুঃখে চেয়ে বড়। সুখের চেয়ে বড়। 
হতাশা ব্যঞ্ছনা আকাঙ্ক্ষার চেয়ে বড়। 
স্বর্গ এবং নরকের চেয়ে বড়। 
পৃথিবী বড় আমাদের কোলাহলের চেয়ে। আমাদের প্রশ্নগুলোর চেয়ে।
অভাব ও অভাববোধের চেয়ে।  
সাময়িক ও চিরায়তের চেয়ে। 
আজকের হেঁটে চলার পথটার চেয়ে। 
অতীত এবং ভবিষ্যতের চেয়ে।
আশা এবং নিরাশার চেয়ে।
প্রকাশিত অপ্রকাশিত সবকিছু –
আমরা যা দেখি, তার চেয়ে বড়।
যা দেখি না, তার চেয়েও। 
পৃথিবী বড় আমাদের মিথ্যা ও আমাদের সত্যর চেয়ে। 
আমাদের অন্তরে সংরক্ষিত অনন্ত কালের চেয়ে। 
আমাদের কল্পনার চেয়ে।
বাস্তবতার চেয়ে। 
যা হচ্ছে, হচ্ছে না, বা হতে পারে।
যা হয়ে গেছে –
সবকিছুর চেয়ে বড় আমাদের পৃথিবী। 
তাই আমরা মুক্ত স্বাধীন সুখী। 
কারণ আমাদের পৃথিবী, এই পৃথিবীর চেয়ে অনেক বড়। 

স্রষ্টা সবাইকে শুধু শরীর, মন, ও আত্মা দিয়ে পাঠান না। সাথে একটা পৃথিবী দিয়েও পাঠান। শরীর মন আত্মা সময় অভিজ্ঞতা মিলে সে পৃথিবীটাকে গড়তে থাকে বা ভাঙতে থাকে। হয় সে পৃথিবী আমাদের ভেতরে ছোট হতে হতে চার দেয়ালের চেয়েও ছোট, সীমিত আবদ্ধ হয়ে পড়ে। অথবা, সেই পৃথিবী, বড় হতে হতে, সময়ের সাথে, অন্তরের সাথে, অভিজ্ঞতার সাথে, সুখের সাথে, দুঃখের সাথে, ভালোর সাথে, খারাপের সাথে, পথ চলতে চলতে, বড় হতে হতে, গোটা জগতের চেয়েও অনেক বড় অনেক বিশাল হয়ে যেতে পারে। 

একেকটা মানুষ  একেকটা পৃথিবী।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *