তোমার একা শহরে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিও – প্রবেশ নিষেধ।
পথে পথে ফিরবে পথিক, যাযাবর। বলবে শীতলক্ষ্যার সন্ধানে ঘুরছি বহুদিন ধরে, চৈত্রের উত্তাপে, কাক পক্ষীও উঁকি দিয়ে দেখে না এপারে। খুঁজবে তোমার শহরে, লোকমুখে শুনেছে যেমন, বটবৃক্ষের আশ্রয়, শীতল পাটি, বিশ্রামঘর।
তুমি সাইনবোর্ডটা দেখাবে তখন – প্রবেশ নিষেধ।
যদি কোনো আগন্তুক এসে বলে, ঐ দূর পাহাড় থেকে শুনে এসেছে সে,
এখানে একটা পথ আছে এমন, যে পথ চাঁদের পাহাড় চলে যায়। সে চায় শুধু একবার সে পথে হেঁটে যেতে।
তুমি ইশারা করবে সাইনবোর্ডের দিকে – প্রবেশ নিষেধ।
অথবা কেউ, ধুঁকতে ধুঁকতে এসে পড়লেও, তোমার শহরে প্রবেশ করতে বারণ করো তাকে, কে জানে কোন নতুন ধোঁকা হতে পারে। দূর থেকে কতজন কত কি ভাবে, না জেনে না দেখে। তুমি হেঁটে চলতে থাকো তোমাকে আড়াল রেখে।
নদী ভাঙনের মতন শহর ভাঙলেও, কারো কিছু যায় আসে না জেনো। অনেক কিছুই, নিছক কৌতূহল মেটাবার জন্য।
তুমি সাইনবোর্ড টাঙিয়ে দিও – প্রবেশ নিষেধ।
