আজ সকালে ঘুম ভাঙার পর থেকে বেঁচে আছি
সকাল সকাল একটা বই হাতে নিয়ে
কন্ডেনসড মিল্কের চায়ের চুমুকে বেঁচে আছি
বেঁচে আছি বলে তোমাকে আরেকটা চিঠি লিখব
বারান্দায় দুপুরের কড়কড়া রোদে
তোমার দেয়া শাড়িটা মেলে দিব
বেঁচে আছি তাই
নীলক্ষেতের সবগুলো বই আরেকবার চষে বেড়াবো
আজিজের বারান্দায় রেলিং ধরে
দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প বানাবো
শপিংমলের এস্কেলেটরে
তাড়াহুড়ো আছে ভান করব
বেঁচে আছি বলে ঢাকার
রাস্তাকাটা রাস্তাগুলোতে হেঁটে বেড়াবো
ফুল পেলে কুড়িয়ে নেব
প্লাস্টিক পেলে ছবি তুলে
জনসচেতনতার পোস্ট দিব
বেঁচে আছি বলে তোমাকে লেখা চিঠিটা
ডাকঘরে ফেলে আসব
ডাকযোগে পাবে না জানি,
তাই আরেকটা চিঠি রিটায়ার্ড পোস্ট মাস্টারকে দিব
আর রিকশার চাকায় বিকেলটা কাটাবো
বেঁচে আছি আজ বলে
ট্র্যাফিক সিগন্যালে বসে কিনব বিক্রিত ফুল
এবং ফটোকপি করা বই
আর জ্যামে বসে বসে
কোনো এক রিক্সায় কোন এক প্রেমিক প্রেমিকার চোখে
ভুল করে দেখব ভালোবাসা
বেঁচে আছি তাই বেঁচে যাওয়া আরেকটা কবিতা
তোমার ঠিকানায় পাঠিয়ে দিব
বেঁচে থাকার রাতে সোডিয়ামের আলোয়
মনের ফ্রেমে শহরের ছবি তুলব
নাক বন্ধ না করে ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাব
ডাস্টবিন পরিষ্কারবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে
বেঁচে আছি বলে আজ ঢাকার রাস্তার
গাছদের সাথে কথা বলব
তবে সবুজের গল্প বলব না
বেঁচে আছি বলে পথের কুকুরদের আর
ঘুম থেকে জাগাবোনা
দলে দলে হারানো মানুষদের সাথে হাঁটব
ছোটখাটো ভয় যত্ন করে পুষে
আকাশ থেকে পাখি ধরে এনে মানুষ নাম দিব
বেঁচে আছি বলে তোমাকে বলব
তুমিও বেঁচে থেকো…

অ-সা-ধা-র-ণ 💙
✿✿✿