মমতার ছায়া

হয়তো মানুষ মানুষের সাথে সম্পর্ক গড়ে না
গড়ে আকাঙ্ক্ষাদের সাথে
চোখ বুজে দেখা স্বপ্নদের সাথে
মনের আবাসে প্রতীক্ষারত
ছেলেবেলার পুতুলদের সাথে

হয়তো মানুষ মানুষ চেনে না
যেমন চেনে না নিজেকে
চেনে আকাঙ্ক্ষিত বস্তুদের ঢের
নিজ সত্ত্বার চেয়েও

আমার আমার আমার এর মাঝে
আমি হারিয়ে যায় কবে
হয়তো টেরও পাওয়া যায় না, হারিয়ে গেছে
শূন্যতা ঢাকা পড়ে যায় হরদম কোলাহলে

কীসের কোলাহল এত আমাদের ঘিরে?

কীসের এত আয়োজন
চোখ ধাঁধানো কৃত্রিম আলোয় প্রতি মুহূর্তে?
এত শোরগোল
তবু কারো কণ্ঠ শোনা যায় না
মনগুলো সব বাকরুদ্ধ
তাও চেঁচামেচি এত

বৃক্ষপ্রেম নতুন করে ধরে শহরবাসীকে,
দাবদাহের মাঝে
বৃক্ষদের ছায়া সব হারানোর অনেক পর
মানুষও ইদানীং
মরে যায় কম বয়সে
মনের অসুখে সবাই কাতর

সূর্যকে আমাদের তীব্রতর মনে হয়
যদিও সূর্য সেই একই ছিল
জীবনকে আজ কঠিনতর মনে হয়
জীবনও সেই একই হলো

শুধু… সূর্যের ক্রোধকে প্রশমিত করার বৃক্ষরাজি 
বিলীন হয়ে যায়
বিলীন হয়ে যায়
জীবনকে উজ্জীবিত রাখার মমতার নিয়ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *