✿
দুঃখ কেমন ঢেকে রাখা যায়
আইলাইনার মাশকারাতে
সুখ ঢেকে যায় মুখের কথায়
আফসোসে আর অভিযোগে
✿
কী লাভ হয়
এতকিছু খুঁজে এতকিছু বুঝে
এতকিছু ধরে এতকিছু পড়ে
এতকিছু গুণে এতকিছু শুনে
এতকিছু সয়ে এতকিছু ক্ষয়ে
যদি ভাবতে না পারো
মানুষকে মানুষের মতন
জীবনকে জীবনের মতন
পৃথিবীকে পৃথিবীর মতন…?
✿
আমাদের কথোপকথোনঃ
আমি ওর চোখের দিকে তাকালাম
সেখানে কিছু অর্থ খুঁজতে চেষ্টা করলাম
আর ও আমার কথার দিকে তাকালো
যেন কথার ভেতরেই সব অর্থ পেয়ে গেল
✿
যে জানে না
তার সাথে পথটুকু চলা
যে জানতে চায় না
তার সাথে সাথে
জানতে না চেয়ে
পথ পাড়ি দেয়া
কেমন বিভীষিকাময়…
যে জানে না
তবু জানতে চোখ দুটো খোলা রাখে
যে বোঝে না
তবু বোঝার জন্যে অপেক্ষা করে
তার হাত ধরে পথ চলাই কি
স্বর্গবাস নয়?
✿
আমি কি তোমাকে শান্তি দিতে পারতাম?
হয়তো হ্যাঁ, হয়তো না
আমি তো আর কবুতর না
আমি মানুষ
আমার দোষ গুণ ঠিক ভুল
ভালো মন্দ, পছন্দ অপছন্দ
এ সবই দিতে পারতাম আমি
তোমার কাছে আমি শুধু
আমাকে দিতে পারতাম
আকাশ থেকে ধরে আনা
কবুতর জোড়া নয়
✿
যদি তোমার প্রয়োজনের কেউ হই
যদি প্রয়োজনের চেয়েও বেশি হয়ে রই
যদি যখন তখন অপ্রয়োজনে
হাত ধরে থাকি পাশে
যদি তুমি আমায় খুঁজতে থাকো
প্রয়োজন অপ্রয়োজনের
শুরুতে ও শেষে…
✿
যদি প্রিয়জনদের পয়সা দেয়া যেত
চোখের মাঝে চোখ রেখে কিছু দেখো
মনের কাছে মন পেতে কিছু শোনো
তবে কত মানুষ সর্বস্বান্ত হয়ে যেত
কত মানুষ আজীবন পথে পথে ঘুরতো
সর্বস্বান্ত সুখী মানুষ রূপে
✿
যদি আমি মুক্ত হতাম
সে মুক্তির কাছে তোমাকে নিয়ে
একটা গল্প বানাতাম
গল্পটা এমন হতো
ফসলের খেতে আমাদের মুক্ত বিচরণ
ছায়াপথের কাছে মুক্ত খোলা চিঠি
ঘুমের ভেতর মুক্ত সব স্বপ্নেরা
আর তোমার মুক্ত ভালবাসার আশ্রয়ে
জমা পড়া এক হাজার কবিতারা
✿
যদি আজ সকালে
চায়ের কাপে তোমাকে পেতাম
শীত পেড়িয়ে বসন্ত গড়িয়ে গ্রীষ্ম এসে যেত
তোমার হাত দুটো ধরে রাখতাম
তোমার চোখের ভাষায় হারাতাম
পৃথিবী এগিয়ে যেত
আমরা পেছনে পড়ে থাকতাম
ভালোবাসার কারাগারে বন্দী দুই নাগরিক
✿
যদি স্থির চোখে কিছুক্ষণ
রাতের আকাশে চেয়ে থাকো
একে একে তারারা ধরা পড়ে
এক ঝলকে পড়ে না
যদি স্থির মনে চেনা অচেনা
মানুষ দেখতে থাকো
একে একে
দোষের ভেতর গুণ
গুণের ভেতর দোষ ধরা পড়ে
কেউই ইবলিস বা ফেরেশতা না
✿
কতকিছু হতে পারতো, তাই না?
ছোট ছোট স্বপ্ন, দেখলেই পারতে
ছোট ছোট ইচ্ছা, পূরণ করতে
ছোট ছোট পৃথিবী, আগলে রাখতে
ছোট ছোট আদর, ভালোবাসার কাছে জমা দিতে
এই ছোট ছোট কিছুই তো সবকিছু হয়
বড় কিছু তো নয়
✿

bhalo laglo