অমাবস্যার নগরে

দালানগুলো কি
আকৃতি দেয়
তোমার আকাশসীমার?

সীমার দ্বারে
লুকিয়ে রাখো
আমার টুকরো আকাশ?

না পেয়ে পাবার
ভান কর কি
আকাশ সমান সমুদ্র?
পাহাড় সমান ঢেউ ?

বন্ধ চোখে
এই ভেবে নাও
অমাবস্যার নগরজুড়ে
আর বসে নেই কেউ?

১৮ই মে, ২০১৯ সালে লেখা এই কবিতাটা খুঁজে পেলাম। কেন লিখেছিলাম মনে নেই। কিন্তু তখন জীবনটাকে এমন মনে হতো যেন সারাক্ষণ ইট সুরকির ভেতর কাটাচ্ছি। চার দেয়ালের ভেতর থেকে আবদ্ধ আকাশ দেখছি। মুক্ত হয়ে মুক্ত আকাশকে দেখতে পারছি না। আকাশের নিচে দাঁড়িয়েও যেন আকাশের সামনে দাঁড়াতে পারছি না।
সে সময়টাতে আসলেও পারছিলাম না। কারণ জীবনটা তখন কোথায় কীভাবে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না। মনে হতো যেন রোজ রোজ অজস্র মানুষের স্রোতের সাথে ভেসে চলে যাচ্ছি অন্ধভাবে, নিরুপায়ভাবে। এরপর অবশ্য জীবনের মোড়টা ঘুরেছে, মুক্ত আকাশের নিচে মুক্ত হয়ে দাঁড়াবার মতন মুক্তির সন্ধান আমার মিলেছে। এবং খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, মানুষ নিজের ভেতরে নিজের কাছে মুক্ত না হলে মুক্ত আকাশের নিচে দাঁড়াতে পারে না। সে স্বাধীনতা তার থাকে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *