যদি মানুষ

যদি বলতে না পারো যে ক্ষমা করে দাও 
কাউকে, আমাকে, বিধাতাকে 
বুঝে নিব তুমি মানুষ নও, অমানুষ 
নিজেকে যে মানুষের ঊর্ধ্বে ভেবে ফেলে 
তাকে অমানুষ ছাড়া কী বলা যায় আর

তুমি মানুষ তাই তো তোমার ভুল হবে 
হোঁচট খাবে, পড়ে যাবে,
চিত হয়ে পড়বে কাত হয়ে পড়বে 
গায়ে মাটি কাদা লেগে গড়াগড়ি যাবে 
এরপর আবার ওঠে দাঁড়াবে 
হাঁটা শুরু করবে সন্তর্পণে 

তাই তো তুমি মানুষ 

জীবনকে শুরু করতে পারো তুমি বারবার 
যেকোনো বিন্দু থেকে যেকোনো সময়ে 
যেকোনো প্রান্তে

তাই তুমি মানুষ 

অথচ যদি তুমি অস্বীকার করো  
যে কখনো পড়েই যাও নি তুমি 
কখনো হোঁচট খাও নি 
হাঁটছিলে হেঁটে যাবে 
শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে 
হুর কিংবা ফেরেশতা বা প্রতিমা রূপে 
তখন তো আর মানুষ রইলে না তুমি 

ক্ষমা চাইতে পারার মতন মহানুভবতাকে অস্বীকার করে  
ইবলিশের অহংকারের বিপরীতে 
আদম পিতার বিনয়াবত অশ্রুকে
তুমি অস্বীকার করলে 
তুমি তো অমানুষ হয়ে গেলে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *