আমি বুঝতে পারি
সমবেদনা প্রকাশ করতে পারি
যে অনেক কিছুই না পাওয়ার নাম জীবন হতে পারে
এবং অনেক ক্ষেত্রে, অনেককিছুই চাইতে ভয় হতে পারে
আমি বুঝতে পারি, যে শক্তি অভাব মনে হতে পারে কখনো কখনো
চাইতে যে শক্তির প্রয়োজন হয়
যে স্বপ্ন দেখার স্পর্ধা নাও থাকতে পারে, অনেকগুলো অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নের পরে
আমি বুঝতে পারি, জীবনে কখনো আমরা থমকে যাই
অনেক রকম শেকল যেন বন্দী করে ফেলে আমাদের
তবু
এই সবকিছুর পরেও
জীবন আবার শুরু হতে পারে
যদি শুধু সাহসটাকে সঞ্চার করা যায়
আমি দেখেছি যে
বাঘ সিংহের মুখে দাঁড়াতে সাহসের তেমন প্রয়োজন নেই কোনো
সাহস প্রয়োজন নিজের কাছে নিজেকে নিয়ে দাঁড়াতে
অনেক ধ্বংসযজ্ঞের পরেও
আশা বাঁধতে, স্বপ্ন দেখতে, বিশ্বাস করতে
আমি বুঝেছি যে, জীবনে ভাগ্য প্রসন্ন হওয়ার কোনো ব্যাপার নেই,
কষ্টের সমাপ্তি ঘটবে, দুঃখ ঘুচবে, আরেকটু সহজ হবে
এমন কোনো ব্যাপার নেই
আমি দেখেছি, মানুষের প্রথম সৎগুণ সাহস
সাহস থাকলে সে অনেক কিছুর জন্যে চেষ্টা করতে পারে
সাহস না থাকলে চেষ্টাটুকুও সে পারে না
✿
অনেক দিনের অনেক অভিজ্ঞতা থেকে লেখা এই কবিতাটা। নিজেকে লেখা, আপনাকে লেখা, আমাদেরকে লেখা।
সাহস অনেক বিশাল একটা ব্যাপার। এই গুণটার প্রকাশ প্রকাশ্য যুদ্ধ ময়দানে নয়, ঘটে জীবনের যুদ্ধক্ষেত্রে।
একটা মানুষের জীবন, তার একটি দিন, তার একটি কাজ দেখে বলে দেয়া সম্ভব সে কতটা সাহসী।
ভয় আমরা সবাই পাই, যারা সাহসী তারাও ভয় পান। তবু তারা সিদ্ধান্ত নেন ভয়কে প্রশ্রয় না দেয়ার। এটাই সাহস। একটা সিদ্ধান্ত। যে আমি ভয় পাবো না, ভয়ে ভয়ে থাকব না, ভয়ে বাঁচব না।
আমি কি খুব সাহসী? হাহা, মোটেই নয়। আমি সাহসী হলে আমি আরও অনেক সুখী হতাম। সুখী হতে হলে সাহস লাগে। দুঃখ পাওয়াটা সহজ, দুঃখে থাকাটাও সহজ। সেটাকে জয় করাটাই সাহসের পরিচয়। তবে আমি চেষ্টা করছি, এটা ঠিক।
আমি না দেখেছি, একেবারেই অভিজ্ঞতা থেকে কথাটা বলি, যাকে দেখে যত দুঃখী মনে হয়, বা যারা যত বেশি দুঃখ দুঃখ কষ্ট কষ্ট করেন, তাদের আসলে দুঃখটা খুব কম হয়। এবং যাদের দেখে মনে হয় খুব আনন্দে আছেন, কোনো দুঃখই নেই জীবনে, তাদের দুঃখটা অনেক বেশি হয়। তারা সুখী হওয়ার ভান করেন না, তারা দুঃখকে জয় করে ওপারে পৌঁছে যান, জীবনের আরেকটা মাত্রায়।
এটা একেবারেই বাস্তবতা থেকে উপলব্ধি। নিজ চোখে দেখা। বারবার দেখা।
আমি নিজেই কিন্তু অনেক দুঃখ দুঃখ করি, বা আগে করতাম। মাঝে মাঝে আমার বকুলফুল ইন্সটাগ্রাম কবিতার ফিড দেখলে মনে হয় বহুত কষ্ট আর প্রেম সংক্রান্ত বিষণ্ণতার প্রোফাইল। কি একটা অবস্থা! হাহা!
তো এটা এক ধরণের ব্যর্থতা। এখানে আবেগ আছে, সত্যও আছে, তবে জয় নেই – অনেক ক্ষেত্রেই। এবং এটাই জীবন। আবার শুরু করার নাম। আশা করছি, কোনো একদিন এইসবকে জয় করতে পারব, সাহসী মানুষদের মতন। সাহসী হতে পারি না পারি, অন্তত সাহসটা লক্ষ্য হোক। বড় কিছু লক্ষ্য থাকুক।
