কী ভাবছেন আপনি? যদি জিজ্ঞেস করা হয়, উত্তরে আহামরি কিছু মিলবে না। কিন্তু ব্যাপারটা আহামরি। যে যা ভাবছে, যেভাবে ভাবছে, সেভাবেই চলছে সে, আপন বৃত্তে।
তাই আমি ভাবছি, কী কী ভাবনা আর না ভাবা যায়। কী কী ভাবনা ধরে রাখা যায়। কী কী ভাবনা আরও বেশি ভাবা যায়। আমি ভাবছি, আর হিসেব কষছি।
আমার ভাবনাগুলো ক্রমাগত ধাক্কা খায়, অন্যদের ভাবনাগুলোর সাথে। তবে আমি ভেবে যাই। ভেবে কূল হারাই, তবু ভেবে যাই। ধাক্কা খেতে খেতে আমি হয়ে উঠি বিপ্লবী নয়, অপরাধী।
আমি ভেবে যাই। আমাকে কারাগারে বন্দী করা হয়। পায়ে বেড়ি বাঁধা হয়, যেন কিছুতেই ছুটে না যাই। কিন্তু আমি ভাবনার জোরে ছুটে যাই, আমি ভেবে যাই।
আমি ভাবি দেখে এটমিক বোমা বিস্ফোরণ হয় পৃথিবীর কোথাও। কোথাও আরেকটি ফ্লাইট এমএইচ সেভেন্টি উধাও হয়ে পড়ে। রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প উপমহাদেশে আঘাত হানে। প্রকান্ড সুনামি গ্রাস করে শহরের পর শহর।
কিন্তু ভেবে যাই, ভেবে যাই।
পত্রিকায় আমার নাম উঠে আসে মোস্ট ওয়ান্টেড তালিকায়। চোরেরাও আমাকে সাধু ভাবে না। ভাবে আরও বড় চোর। আমি ভেবে যাই।
ভাবতে ভাবতে রাত দিন হয়, দশক হয়, শতাব্দী হয়। সভ্যতার দালানকোঠা গড়ে আর ভাঙে। ডাইনোসরেরা ফসিল যুগ শেষ করে জীবিত ফিরে আসে। সুপারনোভা ঘটে যায় আকাশগঙ্গার খুব কাছে, কেয়ামত আসন্ন বলে। আমি ভেবে যাই।
ভাবতে ভাবতে ক্রমে ক্রমে আমি জীবিত হয়ে উঠি, পুনর্জন্ম লাভ করি।
যারা ভাবছে আমি মৃত, তাদের কাছে মৃত পড়ে থাকি। অথচ দূর থেকে এন্ড্রমেডা গ্যালাক্সি চেয়ে দেখছে যে আমি জীবিত। যে আমি জ্বলছি। যে আমি বেঁচে আছি। যে আমি পুড়ছি তবু নিঃশেষ হচ্ছি না…।
