আমার তোমাকে ছুঁয়ে দেখতে হবে। না, কেবল কাম-বাসনা নিয়ে নয়।
কাম নিয়ে ছোঁয়া হচ্ছে নৃত্যের মতন, তোমাকে আমার ছুঁতে হবে ধ্যানের মতন করে। তোমার অস্তিত্বকে টের পাবার জন্যে।
তোমার রক্ত কী রঙের? আগুন লাল নাকি ফ্যাকাসে? তোমার মাংসেরা কেমন? হাড়গুলো কেমন? তোমার হাত পা কি ঠাণ্ডা হয়ে থাকে?
তোমার চোখগুলো কি হলুদ হয়ে থাকে? তোমার ঠোঁটের কোণে কি হাসি জমা থাকে? নাকি হাসিরা সব শুকিয়ে গেছে?
তোমার কপালে অমন ভাঁজ থাকে কেন? ভাঁজ পড়ার বয়স তো তোমার হয় নি। তবে কি এত ভার বইছ, বল তো?
তোমার শরীরের রেখায় রেখায় কত গল্প থাকে জানো? সে গল্পগুলো আমার পড়তে হবে, একটা একটা করে। তবেই আমার তোমাকে ছোঁয়া হবে।
তুমি একদিন ছুটি নিয়ে আমাকে সারাবেলা সময় দিবে। আমি তোমাকে ছুঁয়ে দেখব।
