যেন পৃথিবীর বুকে এই প্রথমবার

পৃথিবীর বুকে
অপার্থিব হয়ে তুমি এসো
হেঁটে না পারলে, উড়ে উড়ে এসো
তবু এসো

অনেক কঠিন পথের পাড়ি দিয়েছি আমি
ক্লান্তি জমিয়েছি অনেক কালের
অনেক কষ্ট আঁকড়ে ধরে ভেবেছি
এই শেষ, সব শেষ
অনেক মুখোশ দেখে মানুষ চিনে
বিশ্বাস হারিয়েছি মনুষ্যত্বের উপর
আস্থা হারিয়েছি ক্ষণে ক্ষণে
স্বপ্নদের কাছে
পৃথিবীকে ডেকেছি নরক বিভীষিকা নামে

পৃথিবী আমাকে হারায় নি
কোথাও কোনো এক কোণে
ছিন্ন কিছু স্বপ্ন
জমা রেখেছে আজও…

ছিন্ন সে স্বপ্নেরা আজও উড়ে বেড়ায়, জানো?

দেখো না?
ঢাকার ছাদে ছাদে ঘুড়িরা উড়ে বেড়ায় কেমন
দূষিত বাতাসের উপর ভর করে?
সবুজ পাতারা বারবার উজ্জীবিত হয়
মনোক্সাইডদের উপেক্ষা করে?
দেখো না, শহরের চিলেরা এখনো
উড়ে বেড়ায় মুক্ত মনে
কাকদের ভিড় আর নেই জেনেও?

তবে আমরা কেন নয়?

এক টুকরো স্বপ্ন পেলে পৃথিবী যদি বাঁচে,
তবে আমরা কেন নয়?
যদি প্রতিদিন সে নতুন শুরু করে
তবে আমরা কেন নয়?
অপার্থিবকে এই পৃথিবীটা যদি
এখনো ছুঁতে চায়… তবে আমরা কেন নয়?

তুমি এই পৃথিবীকে ছুঁড়ে ফেলে
এই পৃথিবীকে আবার গ্রহণ করতে এসো
যে অপার্থিবকে পৃথিবী বিশ্বাস করে
তুমিও বিশ্বাস করো, তুমি এসো

সময় হয়েছে, তুমি চলে এসো…

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *