নদী || শাহিন-তুলি

শাহিন ও তুলির সম্পর্কটা স্বামী-স্ত্রীর, প্রেমিক-প্রেমিকার এবং বন্ধুর। ভিন্ন দুজন মানুষের কাছে স্বাভাবিকভাবেই জীবনটা দুরকম। এই দুজন দুজনের চোখে জীবনটাকে জানতে চায়, দেখতে চায়, বুঝতে চায়। এই নিয়ে তাদের গল্প। ভালবাসার হাত ধরে জীবনকে খোঁজার গল্প…

শাহিন ও তুলি আজ নদীর কাছে এসেছে।   

তুলিঃ জানো, আমার কাছে এই পদ্মাকে সাগরের চেয়ে গভীর মনে হয়

শাহিনঃ সেটা কীরকম? 

তুলিঃ এই যে, সাগরের বুকে আমি চড়ি নি। পদ্মার বুকে চড়েছি, তাই এর বিশালতাকে টের পেয়েছি।

শাহিনঃ সমুদ্রের বুকে চড়লে সমুদ্রকে পেতে?

তুলিঃ অবশ্যই। সেজন্যে আমার একটা দীর্ঘ সমুদ্র যাত্রা প্রয়োজন। কয়েক মাসে ভেসে বেড়াবো সমুদ্রের বুকে… 

শাহিনঃ তাহলে আমিও বলতে পারি, ঢাকাকে আমার নিউ ইয়র্কের চেয়ে বড় মনে হয়

তুলিঃ কিংবা প্যারিস! 

শাহিনঃ হুম, আর কিছু না হোক, অন্তত প্যারিসের চেয়ে বেশি রহস্য আছে এখানে

তুলিঃ সত্যিও তো হতে পারে, হয়তো আমরা আসলেও একটা জাদুর শহরে বাস করছি, কিন্তু এর যথাযথ মূল্যায়ন করতে পারছি না। তাই শহরটাকে এত বিদঘুটে লাগে। 

শাহিনঃ ঢাকাকে তো আমার বিদঘুটে লাগে না

তুলিঃ প্যারিসের মতনও তো লাগে না

শাহিনঃ তা লাগে না…

তুলিঃ কিন্তু ধরো যদি আসলেই ঢাকা প্যারিসের চেয়েও বেশি কিছু হয়। হয়তো এর ভেতরের গল্পগুলো রহস্যগুলো সব ধুলোময়লা জমে আস্তর পড়ে আছে, তাই দেখা যাচ্ছে না। বা আমাদের চোখে ধুলো জমে আছে, আমরাই দেখতে পারছি না। কিন্তু যেদিন আমরা দেখতে পারব, হয়তো শহরের রূপটাই পাল্টে যাবে আমাদের চোখে। 

শাহিনঃ উম্মম, দৃশ্যমান বাস্তবতা তো এড়ানো যায় না, তুলি। ঢাকার জ্যাম ট্র্যাফিক আবর্জনা ঘনবসতি এসব তো আছে।তুলিঃ আছে, অন্য কিছুও আছে। এখানে অদ্ভুত অদ্ভুত মানুষ আছে। কবিতা আছে গান আছে সাহিত্য আছে, আধ্যাত্মবাদ আছে। এমন এমন মানুষ আছে যাদের অদ্ভুত রহস্যগুলো আমরা জানতেই পারি না, কিন্তু আশেপাশেই আছে। 

শাহিনঃ সে তো অন্য শহরেও থাকতে পারে

তুলিঃ তা পারে। কিন্তু ঐ যে, নদীকে সমুদ্রের চেয়ে বেশি মনে হয় কারণ নদীর বুকে চড়েছি। অন্য শহরের জাদু আমি দেখি নি, কিন্তু আমার শহরের জাদু আমি স্পর্শ করেছি। 

শাহিনঃ অন্য শহরের যানজটে আমি পড়ি নি। তবে ঢাকার যানজটে পড়েছি 

তুলিঃ হাহা! ভালোটা বলছ না কেন? ভালোটাই তো দেখতে পারছি না আমরা 

শাহিনঃ ভালোটা দেখতে কষ্ট হয় 

তুলিঃ এটা কিন্তু সত্য। আচ্ছা এমন কেন হয় বলো তো? আমাদের মানুষদের ভালোটা দেখতে কেন কষ্ট হয় সবসময়?

শাহিনঃ সবসময় কেন হয় তা তো বলতে পারছি না, তবে একটা ব্যাপার খুব ফিল করি 

তুলিঃ কি?

শাহিনঃ যে আমরা মানুষরা বেশিরভাগ সময়ই আগে থেকে সব চিন্তা করে রাখি মনে মনে। যে এটা হলে এমন হবে, ওটা হলে অমন। যখন ব্যাপারটা আসলেই হতে নেয়, তখন আগের চিন্তাধারার সাথে সেটাকে মিলিয়ে ফেলি। যেটাকে যেমন অনুভব করব বলে চিন্তা করে রেখেছিলাম মনে মনে, সেটাকে সেরকমই অনুভব করার চেষ্টা করি। এর বাইরে বের হতে পারি না। বাস্তব ব্যাপারটাকে মুক্ত মনে গ্রহন করতে পারি না। মনটাকে মুক্ত রাখতে পারি না

তুলিঃ হ্যাঁ, মনের চোখকে অন্ধ করে রেখে দেই বলে বাস্তব চোখ আর দেখার সুযোগ পায় না  

শাহিনঃ বাহ, সুন্দর করে বললে তো  

তুলিঃ তোমার চিন্তাটা সুন্দর ছিল 

শাহিনঃ সত্য ছিল

তুলিঃ সত্যই সুন্দর। বা সুন্দরই সত্য। 

শাহিনঃ তোমাকে নদীতে ধরেছে তুলি। তুমি নদী হয়ে যাচ্ছ, নদীর মতন কথা বলছ 

তুলিঃ ধরুক না, মন্দ কি। তুমিও ধরো। 

শাহিন তুলির হাতটা ধরে। মুক্ত মনে ধরে। তুলির হাতটা নদীর স্পর্শের মতন লাগে। নদীর কাছে গেলে মানুষও যে নদী হয়ে যায়, শাহিন অনুভব করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *