যদি হাত ধরো

হাত যদি ধরো
তবে শক্ত করে ধরো 
অনিশ্চয়তাকে সাক্ষী করে নয় 
চোখ তুলে যদি তাকাও
তবে সেভাবে তাকাও 
যেভাবে তাকালে দেখা যায় 
প্রশংসা কিংবা মন্তব্যের জন্যে নয়
যদি ভাবো 
তবে ভাবতে ভাবতে হারিয়ে যাও
এমনভাবে ভেবো না 
যেভাবে 
একই বৃত্তে ঘুরপাক খাও 
যদি চাও
তবে ছটফট বুকে তৃষ্ণার্তের মতো চাও  
এমন চাওয়া চেও না
যে চাওয়ার কাছে নিজেই নিজেকে ফেরাও

মনে হতে পারে প্রেমের কথা, হতেও পারে প্রেমের কথা। তবে শুধু তাই কিন্তু নয়। আমরা নিজেদের হাতটা, নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকেও যেন ঠিক ধরতে পারি না। নড়বড়ে হাতে অনেকটা অনিশ্চয়তা নিয়ে ধরি। আমরা যা দেখি তা যেন ঠিক দেখি, যেন দেখার চেয়েও বেশি সমাপ্তি টানার জন্যে দেখি, ইতিবাচক বা নেতিবাচক মন্তব্যের জন্যে দেখি। কখনো কখনো আমরা যেন ভাবতে পারি না। ভাবনার মধ্যে অনেক কিছু এসে ঘুরপাক খায়। ভাবনায় হারাই না। বরং ভাবনাকেই হারিয়ে ফেলি। এবং কিছু চাইতে যেন আমাদের বড্ড ভয় হয়। কোনো স্বপ্নকে, আকাঙ্ক্ষাকে, চেতনাকে, মানুষকে – কোনোকিছুকে। যা সহজে পাওয়া যায় তার মধ্যে চাওয়া থাকে না। চাইতে পারাটাও আর্ট।

তো এই কবিতা আসলে কী নিয়ে? প্রেমিক প্রেমিকা নিয়ে? জীবন নিয়ে? আমাদের নিয়ে? আপনাকে নিয়ে? তোমাকে নিয়ে?

যিনি/যারা পড়ছেন, তারাই ঠিক করুন নাহয়।