তুমি বলছ যে তুমি দুঃখ পাচ্ছ। আমি ভাবছি, তোমার দুঃখের ভেতর আসলেই দুঃখ আছে কিনা। নাকি অহম আছে। অহংকার আছে।
অহংকারের ভারে তুমিও কি দুঃখ পাও?
অহংকারের ভারে আমিও দুঃখ পাই মাঝে মাঝে। যখন নিজেকেই একমাত্র ভাবি।
যদিও জানি, এর চেয়েও কষ্টে আছে বহু মানুষ। তাদের অস্তিত্ব আমি অনুভব করতে পারি না। পারি শুধু আমাকে করতে।
আমি! আমি! আমি! আমিত্বের ভারে আমিও নুয়ে পড়ি।
আমিত্ব আমাদের সুখ দেয় না, সুখের বিভ্রম দেয়। সে বিভ্রমকে ছুঁতে আমরা আমিত্বের দুঃখগুলোকে আহরণ করি। সুযোগ পেলেই মেলে ধরে বলি, দেখো, আমার কত দুঃখ। আমিত্বের কত দুঃখ…।
দুঃখ যে মানুষকে দুঃখী করে না, দুঃখী হতে চাওয়াটাও যে ইচ্ছার ব্যাপার, এটা বুঝতে আমার বহু বছর লেগেছে।
ঠিক যেভাবে, জীবন কাউকে সুখী করে না। কারো জন্যেই “সুখ” বেহেশত থেকে টুপ করে মাথার ওপর পড়ে না। সুখী হওয়াটাও ইচ্ছার ব্যাপার, সাধনার ব্যাপার।
